সমন্বিত পাঁচ ব্যাংকের প্যানেলের ফলাফল প্রকাশের দাবি চাকরিপ্রত্যাশীদের

সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (সাধারণ)-২০১৭ এর তৃতীয় প্যানেল (৪র্থ পর্যায়) এর ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে তৃতীয় প্যানেলে চাকরিপ্রত্যাশীরা। রবিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে প্যানেলে চাকরিপ্রত্যাশী মো. নেজাম উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক প্রকাশিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা (সাধারণ) ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ২৫৭৪টি শূন্য পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুইটি প্যানেল) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

তিনি বলেন, কোভিড- ১৯ এর কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। উক্ত নিয়োগে মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের একটি বড় অংশ চাকরিতে আবেদনের বয়স সীমা অতিক্রম হয়ে যাওয়ায় নতুন কোনও নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ নেই।

চাকুরী প্রার্থীদের বয়স ও করোনার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়ে নেজাম উদ্দিন বলেন, আমাদের সমসাময়িক অফিসার (ক্যাশ) ৪র্থ পর্যায়ের প্যানেল প্রকাশ করেছে। সোনালী ব্যাংকে মুক্তিযোদ্ধা কোটায় অফিসার (ক্যাশ) ৪র্থ পর্যায়ের ৫ জনের, প্রবাসী কল্যাণ ব্যাংক এক্সিকিউটিভ অফিসার সাধারণ পদে ৫ম পর্যায়ে ১ জনের এবং অন্যান্য নিয়োগের ৪র্থ ও ৫ম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু আমাদের অফিসার (জেনারেল) এর প্রায় ৪০০ পদ খালি থাকার সাপেক্ষে প্যানেলের নিয়োগের কার্যক্রম অগ্রসর হচ্ছে না।

তিনি বলেন, উপর্যুক্ত কারণ বিবেচনা করে শূন্য পদ থাকা সাপেক্ষে তৃতীয় প্যানেল (৪র্থ পর্যায়) এর ফলাফল প্রকাশ করা দাবি জানাচ্ছি'

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন জয়দেব কুমার, ইউসুফ আলী, রানা ফাতেমা মৌসুমী, রজব আলী, পার্থ সরকার প্রমুখ।