কেরানীগঞ্জে ইউপি নির্বাচনে ইসি ঘোষিত আগের ফল বহাল রাখার দাবি

কেরানীগঞ্জের হযরতপুর ইউপি নির্বাচনের আগের ঘোষিত ফল বহাল রাখার দাবি জানিয়েছেন চেয়ারম্যানপ্রার্থী হাজী মো. আলাউদ্দিন।

রবিবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে হাজী মো. আলাউদ্দিন অভিযোগ করেন, ২০২১ সালের ১৬ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ১৫০ ভোট বেশি পান। ওই ফলাফল নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশও করা হয়। কিন্তু পরে প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে নির্বাচনের সেই ফলাফল স্থগিত করা হয়। গত ১৯ মার্চ পুনরায় ভোট গণনা করে তাকে অবৈধভাবে হারিয়ে দেওয়া হয়। দ্বিতীয়বার ভোট গণনায় দেখা যায়—মোট ভোটারের চেয়ে কাস্টিং ভোট বেশি হয়েছে। নৌকার প্রার্থীকে জেতানোর জন্য প্রিসাইডিং অফিসার এই অনৈতিক কাজ করেছেন বলে তিনি অভিযোগ করে বলেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রথম গণনায় ভোট ঠিক থাকলেও পুনরায় ভোট গণনার সময় জগন্নাথপুর সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে তার ঘোড়া প্রতীকে ডাবল সিল মেরে তার ভোট বাতিল করা হয়। এভাবে নৌকা প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতা অভিযোগ করেন, বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীরা তাকে সপরিবারে মেরে ফেলার হুমকি-ধমকি দিচ্ছে। দুর্বৃত্তরা তার বিরুদ্ধে দুইটি ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তার কর্মী-সমর্থকদের মারধর ও তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনিসহ পরিবারের ১১ জন সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলেও তিনি দাবি করেন।

আলাউদ্দিন বিগত ১৮ বছর যাবত ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে জানতে প্রিসাইডিং অফিসার তৈয়বুর রহমানের দুটি মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।