প্রতারক চক্র থেকে সাবধান: ভূমি মন্ত্রণালয়

চাকরি দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ মার্চ) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘ভুয়া নিয়োগপত্র’ দিয়ে প্রতারণার মাধ্যমে নিয়োগপ্রার্থীদের থেকে অর্থ আত্মসাৎ করা হচ্ছে মর্মে সংবাদ প্রকাশ হতে দেখা যাচ্ছে। বিভিন্ন প্রতারক চক্র ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দফতর ও সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  নিয়োগপ্রার্থীরা যাতে প্রতারিত না হয় সেজন্য সকলকে ভূমি মন্ত্রণালয় কিংবা এর দফতর/সংস্থায় নিয়োগের যেকোনও তথ্য ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাভুক্ত দফতর/সংস্থার ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন বা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ব্যাপারে ইতোপূর্বে ভূমি মন্ত্রণালয় অনেকবার সতর্ক করেছে। 

চাকরি দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করেছে মন্ত্রণালয়।