স্বল্প জমির অধিক ব্যবহার নিশ্চিতকল্পে ও সারা দেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমের প্রসার ঘটানো একান্ত জরুরি বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বুধবার (২৩ মার্চ) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে চলমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ প্রকল্পের কর্মপরিকল্পনার বিষয়ে পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেলওয়ার হায়দারের সভাপতিত্বে আয়োজিত এ পর্যালোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকারসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সব স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
গৃহায়ন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল এবং কৃষি প্রধান দেশ। কৃষি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রধান পেশা ও মেরুদণ্ড স্বরূপ। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বাংলাদেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কৃষি উৎপাদন ও কৃষি খাতের প্রবৃদ্ধির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরদিকে মানব সৃষ্ট বিভিন্ন অপরিকল্পিত কর্মকাণ্ড নগরায়ন ও বসতি নির্মাণের ফলে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর প্রায় শতকরা একভাগ হারে কৃষিজমি হ্রাস পাচ্ছে। অথচ খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষি জমি বৃদ্ধি ও সুরক্ষার প্রয়োজন অপরিসীম। তাই কৃষিজমি রক্ষার পাশাপাশি শহরাঞ্চলের জনগণের আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সারা দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এই কাজ দেশের বৃহত্তর স্বার্থে আরও বিস্তৃত ও প্রসারিত করা একান্ত অপরিহার্য।’