সবার জন্য উন্মুক্ত ছিল নৌবাহিনীর জাহাজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২২ উপলক্ষে ঢাকার সদরঘাট নদীবন্দরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা অদম্য’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত ছিল। শনিবার (২৬ মার্চ) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য বানৌজা অদম্য উন্মুক্ত রাখা হয়।

সাধারণ মানুষের পাশাপাশি কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থীরা নৌবাহিনীর জাহাজটি দেখার জন্য দুপুর থেকেই ভিড় করতে থাকে। দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা দেওয়ার জন্য নৌবাহিনী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যায়েদ হোসেন মিশু বলেন, সাধারণত এই ওয়ারশিপগুলো আমরা টিভিতে দেখেছি। এই প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছে।

জনতা ব্যাংকের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, আমাদের চেনার সুবিধার্থে ওয়ারশিপে ব্যবহৃত সকল জিনিসপত্র নৌবাহিনীর সদস্যরা প্রদর্শন করছেন। পরিবার নিয়ে এসেছি। বাচ্চারা খুব খুশি। যুদ্ধে ব্যবহৃত নতুন নতুন জিনিস দেখতে পেয়ে খুব ভালো লাগছে।

উল্লেখ্য ঢাকার সদরঘাট ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুর জেলায় সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বানৌজা ধানসিঁড়ি নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটি, বানৌজা স্বাধীনতা চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটি, বানৌজা তিতাস খুলনার বিআইডব্লিটিএ রকেট ঘাট, বানৌজা করতোয়া মোংলা দিগরাজ নেভাল বার্থ, বানৌজা বরকত বরিশালের বিআইডব্লিটিএ ঘাট, বানৌজা চিত্রা চাঁদপুরের বিআইডব্লিটিএ ঘাটে রাখা হয়।