বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুন, আরও একজনের মৃত্যু

রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের চার জন দগ্ধের ঘটনায় রেখা (২৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় তার স্বামী আবু সাঈদ হাসানও (৩৮) মারা গেছেন।

সোমবার (২৮ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাদের দুই সন্তান এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, সোমবার (২৮ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়ে ছিল। 

এর আগে গত ২৩ মার্চ রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি বাসায় রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ চার জন দগ্ধ হয়। ঘটনার পরে তাদের উদ্ধার করে সেদিনই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।

তবে ঘটনার দিনই সাঈদ মারা যান। তা শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আর ঘটনার পাঁচদিন পর তার স্ত্রীও পরপারে পাড়ি জমালেন।

তাদের সঙ্গে দগ্ধ দুই সন্তান হলো, সাফা (১০) ও সাফিয়ান (৮)। এদের মধ্যে সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।