ইসলামিক ফাউন্ডেশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু কর্নার।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ের  প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তি জীবন এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র দিয়ে কর্নারটি সাজানো হয়েছে। এছাড়া একটি লাইব্রেরিও স্থাপন করা হয়েছে। লাইব্রেরিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসসমৃদ্ধ বিভিন্ন গ্রন্থ স্থান পেয়েছে।

উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর অংশ হিসেবে জাতির পিতার আদর্শকে কর্মক্ষেত্রে যথাযোগ্য মর্যাদায় লালন ও তাঁর অনুপ্রেরণাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হলো। ইসলামিক ফাউন্ডেশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের  মাধ্যমে সবাই বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আরও বেশি করে জানতে পারবে ও গবেষণার সুযোগ পাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।