সড়কে মাইশার মৃত্যু: কাভার্ড ভ্যানের চালক ও সহকারী রিমান্ডে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মমতাজ মিমকে চাপা দেওয়া কাভার্ড ভ্যানটির চালক সাইফুর রহমান ও সহকারী মশিউরের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুবকর ছিদ্দিক রিমান্ডের এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এদিন খিলক্ষেত থানার মামলায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেককে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন নিহতের বাবা নূর মোহাম্মদ মামুন। মামলায় আসামি করেন চালক সাইফুর রহমান ও সহকারী মশিউরকে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িত থাকায় কাভার্ড ভ্যানের চালক সাইফুর ও সহকারী মশিউরকে আমরা শুক্রবার চট্টগ্রাম থেকে আটক করি। সাইফুর হালকা লাইসেন্স ব্যবহার করে ভারী যান চালিয়ে আসছিল। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, শুক্রবার উত্তরার বাসা থেকে সকালে স্কুটি চালিয়ে ক্লাস করতে যাওয়ার সময় কুড়িল ফ্লাইওভারের ওপর কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন মিম।