গার্মেন্ট শিল্প সেক্টরের শ্রমিকদের ২০ রমজানের মধ্যে সমস্ত বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।
সোমবার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অয়োজিত এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রম আইন সংশোধনী কমিটিতে আইবিসি'র প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ এবং গার্মেন্ট শিল্প সেক্টরের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো ঘোষণার উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইবিসির সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু বলেন, কতিপয় পোশাক কারখানা প্রায় প্রতিবছরই ঈদের আগে শ্রমিকদের মজুরি-ভাতাদি পরিশোধ না করে পালিয়ে যান অথবা তাল-বাহানা করেন। এতে অনেক শ্রমিকদের আনন্দের ঈদ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।