রাজধানীর উত্তর মুগদায় বাংলাদেশি বংশোদ্ভূত বাবা-মায়ের হেফাজতে থাকা জন্মসূত্রে কানাডীয় এক তরুণীকে আগামী ১০ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তরুণীর অসম্মতিতে তাকে ১০ মাস ধরে আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৫ এপ্রিল) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিটের শুনানির সময় আদালতে কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে সারা হোসেন সাংবাদিকদের বলেন, একজন সাবালিকাকে গত বছর তার মা নিয়ে আসেন। বাংলাদেশে নিয়ে আসার পর ১০ মাস আটক রাখা হয়। তার মোবাইল ফোন দেওয়া হয়নি। এ অবস্থায় তাকে হাজিরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আবেদনে চাওয়া হয়েছে, তার শিক্ষাজীবন চালিয়ে নিতে তাকে কানাডায় ফিরে যেতে যেন সুযোগ দেওয়া হয়। আদালত আদেশ দিয়েছেন মেয়েটিকে নিয়ে আসতে। ওইদিন তার বাবা-মাকেও আসতে হবে।
জানা গেছে, বাংলাদেশি বাবা-মায়ের ওই সন্তানের জন্ম কানাডায়। প্রায় ১৯ বছর বয়সী ওই তরুণী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১০ মাস আগে তার বাবা-মা বেড়ানোর কথা বলে তাকে বাংলাদেশে নিয়ে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি।
রিট আবেদনে বলা হয়েছে, তরুণীর কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে তাকে তার নানী ও মা সবসময় বাসায় তালাবদ্ধ করে রাখেন। এক পর্যায়ে ওই তরুণী ল্যান্ডফোনে কানাডা সরকার ও ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনকে তাকে জোরপূর্বক ঘরবন্দি করে রাখার কথা জানান। ওই তরুণী কানাডায় ফিরে যাওয়ার ইচ্ছার কথাও জানান।
এর পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থানায় কানাডিয়ান হাইকমিশন থেকে সাধারণ ডায়েরি করা হয়। তারপর কানাডিয়ান হাই কমিশনের পক্ষে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) হাইকোর্টে রিট দায়ের করে।
রিটে পুলিশের আইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার,মুগদা থানার ওসি এবং ওই তরুণীর বাবা-মাকে বিবাদী করা হয়।