জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষতা শুধু বাংলাদেশেই নয় বহির্বিশ্বের জন্যও সমান প্রয়োজন বলে মন্তব্য করেছেন তুরস্কের বরেণ্য বুদ্ধিজীবী আহমেত জোসকুনাইদিন। বুধবার (৬ এপ্রিল) বিকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর আয়োজনে তুরস্কের বরেণ্য লেখক, সাংবাদিক, গবেষক আহমেত জোসকুনাইদিনকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। নগরীর রাস কনভেশন সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়।
বরেণ্য এ তুরস্কের নাগরিক সর্বাধিক সংখ্যক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী। তিনি এখন পর্যন্ত ৭০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের আর্থ-সামাজিক বিষয়ে গবেষণা করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. সুজিত সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির মাননীয় উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান ও হেরিটেজ আর্কাইভ-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. মো. মাহবুবর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগ-এর সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, কবিফুঞ্জের সাধারণ সম্পাদক কবি এএমএন আরিফুল হক কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মূল কমিটির নেতা তামিম সিরাজী
অনুষ্ঠানে স্বাগত শুভেচ্ছা বক্তব্য দেন নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান এবং নির্মূল কমিটির কেন্দ্রীয় সাইফ রায়হান।
সভায় আহমেত জোসকুনাইদিন বলেন, বঙ্গবন্ধু যে অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন তার লক্ষ্য অর্জনে বাংলাদেশ বহুদূর এগিয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন এখনও পিছিয়ে। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমান অধিকার ও মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে। বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষতা শুধু বাংলাদেশেই নয় বহির্বিশ্বের জন্যও সমান প্রয়োজন।