পশ্চিম আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ দেশটির রাষ্ট্রপতি থিয়ডরো অবিআং এনগুয়েমা এমবিএসোগো-এর নিকট পরিচয়পত্র পেশ করেছেন। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তিনি পরিচয়পত্র পেশ করেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি থিয়ডরো এবং সারওয়ার মাহমুদের মধ্যে এক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রদূত মাহমুদ রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়ে বলেন যে, ইকুয়েটেরিয়াল গিনিতে প্রায় ২০০ বাংলাদেশি বিভিন্ন কোম্পানিতে ফাইন্যান্স ম্যানেজার, আইটি এক্সপার্ট, শিপিং এজেন্টসহ অন্যান্য পেশায় অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক দক্ষকর্মী এদেশে বৈধপথে আনার জন্য দু’দেশের সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন।
বিদ্যমান চমৎকার দ্বি-পাক্ষিক সর্ম্পকের কথা উল্লেখ্যপূর্বক, রাষ্ট্রদূত সম্ভাবনার নতুন ক্ষেত্র চিহ্নিত করে দু’দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের মানসম্মত ঔষধ, চামড়া ও চামড়াজাত দ্রব্য, হিমায়িত মৎস্য, গৃহস্থালীর কাজে ব্যবহার্য ইলেকট্রিক দ্রব্য সামগ্রী বাংলাদেশ থেকে আমাদানির আহ্বান জানান।