হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি

অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনে খাবারের দাম কমানো ও বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)।

শনিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায়  বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কান্তি রায়, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতানা আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুস্মিতা মরিয়ম, তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক আনারুল ইসলাম, ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক নিঝুম নাহার।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির ফলে পরিবারগুলো বিপর্যস্ত, অন্যদিকে দিনকে দিন শিক্ষাব্যয় বাড়ছে। যা শিক্ষাজীবনকেও বিপত্তিতে ফেলেছে। আমাদের সংগঠন করোনাকালীন সকল ধরনের বেতন-ফি মওকুফের দাবি জানিয়ে আসছে, দাবি জানিয়ে আসছে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির।

নেতৃবৃদ্ধ আরও বলেন, শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও ধর্ম নিয়ে বিতর্ক হয়। সেই স্বাভাবিক বিতর্ককে শিক্ষকের অজান্তে রেকর্ড করে ক্লাসের বাইরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ক্লাসেরই শিক্ষার্থী। ক্লাসের অভ্যন্তরীণ বিতর্ক এ থেকে ভিন্ন দিকে মোড় নেয়, শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়, তিনি গ্রেফতার হন এবং তার জামিনও নামঞ্জুর। ঘটনাটি আমাদের হতবাক করেছে এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন।

নেতৃবৃন্দ অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি করেন এবং সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবি জানান।