চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

সব চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে ন্যূনতম ৩৫ বছর করাসহ ৪ দফা দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। সোমবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

পরিষদের অন্য ৩টি দাবি হলো—নিয়োগ দুর্নীতি ও প্রশ্ন ফাঁস বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) মার্কসহ ফল প্রকাশ করতে হবে; চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য তাসলিমা লিমা লিখিত বক্তব্যে বলেন, ‌‘বাংলাদেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজটের কারণে সব শিক্ষার্থীকে শিক্ষাজীবন শেষ করতে কমপক্ষে ২৩ বছর বয়স পর্যন্ত সময় লেগে যায়। এরপর করোনা ২ বছর কেড়ে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বেকার চাকরিপ্রত্যাশীরা বয়সসীমা বৃদ্ধি এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে।

রিগান মাহমুদ বলেন, আপনারা তরুণ সমাজকে কাজে লাগান। চাকরির প্রবেশের বয়সসীমা বেঁধে দিয়ে তাদের বঞ্চিত করবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ-আল-মামুন, মানিক হোসেন রিপন, ওমর ফারুক, ইমতিয়াজ হোসেন, ইবনে তানজির প্রমুখ।