রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৩ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯ হাজার ৬৬৩ পিস ইয়াবা ও ৮৫ কেজি ৩৩০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১১ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।