বৈশাখের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কিন্তু রাজধানী শহরে সারাদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সূর্যের তেজ থাকবে বুধবারের মতোই উত্তপ্ত।
তবে গত কয়েকবছরের আবহাওয়া বিশ্লেষণ করে বলা হচ্ছে, বৈশাখের প্রথমদিন সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, এই মৌসুমে হঠাৎ করেই বৃষ্টি হয়, কালবৈশাখী শুরু হয়। আর বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে ভ্যাপসা গরম। আর বৈশাখের প্রথম দিন সাধারণত সন্ধ্যা নাগাদ এক পশলা বৃষ্টি হয়। তিনি জানান, ঢাকা বিভাগসহ কিছু কিছু বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে ঢাকা দিনের বেলা বৃষ্টির এখন পর্যন্ত কোনও পূর্বাভাস নেই।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজারহাটে ৯৭ মিলিমিটার। এছাড়া সৈয়দপুরে ৪১, সিলেট ও রংপুরে ২, দিনাজপুর ও নেত্রকোনায় ১ মিলিমিটার এবং পটুয়াখালী ও টাঙ্গাইলে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৩ দশমিক ৭, ময়মনসিংহে ৩২, চট্টগ্রামে ৩৩ দশমিক ৫ , সিলেটে ৩২, রংপুরে ৩০ দশমিক ৫, খুলনায় ৩৪ এবং বরিশালে আজ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম এবং বহুনায় এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃটিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।