চাকরির প্রলোভন দেখিয়ে আটকে মুক্তিপণ আদায় করতো চক্রটি

চাকরির প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের আটকে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত অভিযোগে রাজধানীর পল্টন এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর পল্টন থানা এলাকা থেকে অপহৃত ব্যক্তিসহ অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (৪৪), রেফাজুল ইসলাম লিংকন (২৭), মতিয়ার রহমান (৫০) ও মজিবুর রহমান (৫২)‌।

র‍্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১২ এপ্রিল ভুক্তভোগীর বাবার অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-৪ জানতে পারে—মো. আনোয়ারুল ইসলামকে ৬ লাখ টাকার বিনিময়ে ভালো বেতনের সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় মতিউর রহমান নামে একজন ব্যক্তি। পরে ভুক্তভোগীকে নিয়োগপত্র দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসে। সেদিন বিকালে ভুক্তভোগীর বাবাকে জনৈক আরিফুল ইসলাম পরিচয়ে ফোন দিয়ে জানায় তার ছেলে তাদের কাছে আছে, তাকে ফেরত পেতে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তারা তাকে প্রাণে মেরে ফেলবে এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দেবে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রথমে দেশের বিভিন্ন এলাকার শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে তাদের সঙ্গে কৌশলে সখ্য তৈরি করে এবং ভুক্তভোগীদের নগদ অর্থের বিনিময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখানো হয়। এতে অনেক চাকরিপ্রত্যাশী বেকার তাদের সরল মনে বিশ্বাস করে তাদের প্রস্তাবে রাজি হয়। তখন চক্রের সদস্যরা সুকৌশলে নিয়োগপত্র দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের তাদের সুবিধাজনক স্থানে আসার জন্য বলে। ভুক্তভোগীরা সেখানে গেলে আসামিরা তাদের আটকে মারধর করে এবং বিভিন্নভাবে অমানুষিক নির্যাতন চালায় এবং তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।