দিনভর তপ্ত আবহাওয়া, দুপুরের পর হঠাৎ করেই আকাশ মেঘলা হতে শুরু করে, এরপর সোয়া ৩টা নাগাদ শুরু হয় বাতাস। বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। আজ শুক্রবার বছরের দ্বিতীয় কালবৈশাখীর দেখা পেলেন রাজধানীবাসী।
এর আগে গতকাল ভোরেই টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর প্রথম কালবৈশাখীর দেখা পান রাজধানীবাসী। তীব্র কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে ভেসে যায় ঢাকার রাস্তাঘাট, অনেক এলাকায় পানি জমে যায়। তবে তীব্র গরমের পর এই বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি পায় সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নিকলিতে, ২৬ মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে ২, ডিমলা ও কক্সবাজারে ১ মিলিমিটার এবং রংপুরে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।