আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, পদ্মা সেতু ও পায়রা বন্দর চালু হলে দেশের দক্ষিণ অঞ্চল সাউথ এশিয়ার একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘মুজিববর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার’- ঝালকাঠিতে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ, ডিএপি এবং এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
আমির হোসেন আমু বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা করে আসছে। বিএনপি সরকারের আমলে কৃষক সারের জন্য গুলি খেয়েছিল। আর আজ আওয়ামী লীগ সরকার শতকরা ৮০ ভাগ ভর্তুকি দিয়ে সময় মতো কৃষকের কাছে সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণ পৌঁছে দিচ্ছে।’
তিনি বলেন, ‘যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্যমূল্যে সার বীজ প্রদান করে থাকে। আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব।’
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে দেশের মানুষকে অর্থ খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে করোনার সময় দেশে খাদ্যে কোনও অভাব হয়নি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তার কারণে দোকানপাট হয়েছে, গাড়ি চলছে। দালান কোঠা হচ্ছে। রাস্তাঘাট উন্নয়ন হওয়ায় মানুষের বিভিন্নভাবে কর্মসংস্থান হয়েছে। একটি রাস্তার কারণে অনেক পরিবার জীবিকা নির্বাহ করছে। এদিকটা দেখা উচিত। আজ যারা বিরোধী দলে তারা এসব উন্নয়নের কথা বলেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ২ হাজার কৃষকের প্রতি জনের মাঝে ৫ কেজি করে আমন বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। খবর: বাসস