বিদেশ থেকে আসা যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিতের সুপারিশ

এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। কমিটি বলছে, এখন থেকেই সতর্ক না হলে বাংলাদেশেও আবারও সংক্রমণ বাড়তে পারে। তাই বিশ্বের যেসব দেশে বর্তমানে সংক্রমণ বাড়ছে, সেসব দেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ক্ষেত্রে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি।  

সোমবার (২৫ এপ্রিল) কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার (২৪ এপ্রিল) রাতে কমিটির সদস্যদের বৈঠক হয় সেখানে কমিটির সদস্যরা একমত হন যে, বর্তমানে বাংলাদেশে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও পার্শ্ববর্তী দেশসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ ঊর্ধ্বমুখী, যা উদ্বেগজনক।

কমিটি আশঙ্কা করছে, এখন থেকেই সতর্ক না হলে বাংলাদেশেও সংক্রমণ আবারও উর্ধ্বমুখী হতে পারে।

তাই বর্তমানে যেসব দেশে সংক্রমণের হার বেশি সে সকল দেশ থেকে বাংলাদেশে যারা আসছেন, তাদের করোনার টিকা দেওয়া থাকলেও করোনার পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে সকল বন্দরে জনগণের প্রবেশ পথে স্ক্রিনিং জোরদারকরণের পরামর্শ দেয়া হয়।

কমিটি বলছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাজার ও কেনাকাটা এবং ঘরমুখী মানুষের যাতায়াত এর সময় মাস্ক পরিধান নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া তারাবির নামাজ ও ঈদ জামাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয়।

কমিটি করোনা মোকাবিলায় হাসপাতালগুলোকে সতর্ক করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার সুপারিশ করে। সেইসঙ্গে জিনোম সিকোয়েন্সিং ও সার্ভেলিয়েন্স জোরদার করার সুপারিশ করা হয়।