এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন। সুষ্ঠু ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ ঘোষণার জন্য সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে সৌদি আরবের বিভিন্ন সিদ্ধান্ত, করোনার প্রভাব, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি, হজে ডেডিকেটেড হজ ফ্লাইটসহ নানা কারণে বাড়বে হজের খরচ।
বুধবার (২৭ এপ্রিল)হজ ফ্লাইটের বিমান ভাড়া নির্ধারণে বৈঠক করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সেখানে বিমান ভাড়া ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের জন্য প্রস্তাব করবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদিও হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ১ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের জন্য প্রস্তাব করবে।
হজের প্রস্তুতি নিতে কাজ করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সুষ্ঠু ব্যবস্থাপনা জন্য মঙ্গলবার (২৬ এপ্রিল) বৈঠক করেছে মন্ত্রণালয়। সভায় হজ প্যাকেজ প্রস্তুত করতে হজ ফ্লাইটের ভাড়া নির্ধারণ, ফ্লাইট শিডিউল প্রস্তুত করা, জেদ্দা ও মদিনা বিমানবন্দর দিয়ে সহায়তা করা, ফ্লাইটের টিকেট সংক্রান্ত তথ্য ই-হজ সিস্টেমে প্রকাশ, হজ এজেন্সির মাধ্যমে বিমান টিকেট প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এবার শতভাগ হজ যাত্রীর সৌদি প্রান্তের ইমিগ্রেশন ঢাকায় হবে। এজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি কর্তৃপক্ষের জন্য জায়গা বৃদ্ধির জন্য সুপারিশ করা হয় বৈঠকে।
এবার হজে সারাবিশ্বের ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন। ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না।
বিমান ভাড়া নির্ধারণের পরই চূড়ান্ত হবে হজ প্যাকেজ। এ কারণে হজ ফ্লাইটের ভাড়া নির্ধারণে বুধবার (২৭ এপ্রিল) বৈঠক ডেকেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সেখানে ভাড়া নির্ধারণ ছাড়াও ফ্লাইট শিডিউল প্রস্তুতসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিমান সূত্রে জানা গেছে, এবার হজ ফ্লাইটের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করতে প্রস্তাব করা হবে। যদিও তেলের মূল্য বৃদ্ধি, ডলার এক্সচেঞ্জে রেটের তারতম্যের কারণে বিমান ১ লাখ ৯০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করতে চেয়েছিল।
বিমানের এক কর্মকর্তা বলেন, একটা ফ্লাইটের ৪০ শতাংশ খরচ হয় জ্বালানি তেলের পেছনে। গত ১৫ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে ১১ বার। আর ফুয়েলের দাম বাড়লে সেটির প্রভাব ভাড়ার ওপর পড়বে। এবার সৌদি আরবের সিদ্ধান্ত হচ্ছে হজে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করতে হবে। ফলে যতগুলো ফ্লাইট যাবে হজযাত্রী নিয়ে সেগুলো ফেরার সময় খালি আসবে। আবার ফেরত আনার সময় খালি যাবে। বিমান ভাড়ার সঙ্গে প্রায় সাড়ে ৮ হাজার টাকা ভ্যাট, ট্যাক্সসহ বিভিন্ন চার্জ যুক্ত হয়। অন্যদিকে ভাড়া নির্ধারণ হচ্ছে ডলারে, হজের সময় ডলার পরিবর্তন হলে তখন তার একটি প্রভাব পড়বে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে হজে ভাড়া বেশি নির্ধারণ করার বিকল্প কোনও সমাধানে নেই।
এদিকে মঙ্গলবার বৈঠকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, হজের অনেকগুলো বিষয় সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। কোনও সমস্যা থাকলে আমরা সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমাধান করবো। সময়ের সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ আন্তরিকতা সহকারে কাজ করে আমাদের উন্নত হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
তবে হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, বিমান ভাড়া বাড়লে হজযাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এজন্য প্রতি বছরই হজের মৌসুমে আলোচনায় থাকে হজযাত্রীদের বিমান ভাড়া। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স হজ যাত্রী পরিবহন করায়, এয়ারলাইন্স দুটি ভাড়াও নির্ধারণ করে তাদের ইচ্ছে মতো। ভাড়া কমানোর দাবি তুললেও বাস্তবায়ন হয় না। এই দুই এয়ারলাইন্সের একচেটিয়া ব্যবসা বন্ধ করে প্রতিযোগিতামূলক ভাড়ার পরিবেশ সৃষ্টি করেতে অন্যান্য এয়ারলাইন্সকে হজ যাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার দাবি হজ এজেন্সিগুলোর।
বিমান ভাড়া ১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করবে হাব। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, দুটি এয়ারলাইনের পরিবর্তে অন্য আরও এয়ারলাইন হজ যাত্রী পরিবহন করলে একচেটিয়া ভাড়ার পরিবর্তে প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারণ হবে। প্রতিবছরই অযৌক্তিক ভাবে ভাড়া বাড়ানো হয়। আমরা ভাড়ার বিষয়ে যৌক্তিক প্রস্তাব তুলে ধরবো।