অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার সময়ে পাঁচ শতাধিক গ্রেফতারকৃত ব্যক্তির মধ্যে ৪০০ জনকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে এসএম শামীম উজ জামান টেলিফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ইতোমধ্যে ৪০০ জনের ইন্টারভিউ নিয়েছি। তারা সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ২৪৪ জন স্বেচ্ছায় দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের নিবন্ধন করে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে কাজ শুরু করা হয়েছে।’ বাকি ১৫৬ জন দেশে ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি বলে তাদের নিবন্ধন করা যায়নি বলে তিনি জানান।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনও ব্যক্তি স্বেচ্ছায় ফেরত না আসতে চাইলে আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত পাঠানো জটিল হয়ে পড়ে।
রাষ্ট্রদূত বলেন, ‘এখানে ঈদের ছুটি খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ফলে ফেরত পাঠানোর কার্যক্রম কিছুটা ধীরগতিতে হবে। আশা করছি, আগামী মাসের ১৫ তারিখ নাগাদ হয়তো তাদের দেশে ফেরত পাঠানো শুরু হতে পারে।’
প্রসঙ্গত, ইউরোপে যাওয়ার সময় পাঁচ শতাধিক ব্যক্তিকে লিবিয়ার মিসরাতা জেলা থেকে পুলিশ গ্রেফতার করে। তারা এখন ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে অবস্থান করছেন। তাদের খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছে আইওএম।