টিকিট কালোবাজারির অভিযোগে সহজ সিনেসিস ভিনসেনের (জেভি) সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি।
বুধবার (২৬ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
সহজ সিনেসিস ভিনসেনের পাবলিক রিলেশন্স ম্যানেজার ফরহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সহজ সিনেসিস ভিনসেন এই অপ্রীতিকর ঘটনার নিন্দা জানাচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তিকে চাকরিচ্যুত করেছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, মো. রেজাউল করিম (রেজা) কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠুভাবে ও অভিজ্ঞ কর্মীর মাধ্যমে পরিচালনার লক্ষ্যে সহজ সিনেসিস ভিনসেন চলতি বছরের ২১ মার্চ তাকে নিয়োগ দেয়। ভবিষ্যতে এমন কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ—জানান তিনি।