এখন থেকে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’-এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবার বিল পরিশোধ করা যাবে। উপায় অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৬৮# ব্যবহার করে এনআইডি সংশোধন, ডুপ্লিকেট এনআইডি সংগ্রহসহ এ সংক্রান্ত সব ধরনের বিল পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘উপায়’ ও নির্বাচন কমিশনের মাঝে মঙ্গলবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হোসেন এবং নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহম্মদ আজিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন– উপায়’র চিফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত, ডেপুটি ডিরেক্টর, গভর্নমেন্ট অ্যান্ড এমারজিং সেলস শাকিব আলতাফ, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, গভর্নমেন্ট অ্যান্ড এমারজিং সেলস হাসান মোহাম্মদ জাহিদ এবং অ্যাকাউন্ট ম্যানেজার বদিউর রহমান।
নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন– সংস্থার উপসচিব ও অ্যাডিশনাল প্রজেক্ট ডিরেক্টর (প্রশাসন ও অর্থ) মুহম্মদ নুরুজ্জামান খান এবং এনআইডি অনুবিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) (বাজেট, হিসাব ও সাধারণ শাখা) মোহাম্মদ তাজুল ইসলাম।