প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন রাজধানীর শাজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত বদরুন্নেসা কলেজের এইচএসসির শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতির পরিবারকে। প্রধানমন্ত্রীর পক্ষে সোমবার (২ মে) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া প্রীতির বাবা জামাল উদ্দিনের হাতে তুলে দেন ২০ লাখ টাকা অনুদানের চেক, যা সঞ্চয়পত্র হিসেবে সোনালী ব্যাংকে জমা থাকবে।
চেক হাতে পেয়ে বাংলা ট্রিবিউনের কাছে অভিব্যক্তি প্রকাশ করে প্রীতির বাবা বলেন, ‘এতে সংসার চলবে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। কিন্তু মেয়েকে তো ফিরে পাবো না। মেয়ে হারানোর ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি। আমাদের সংসারই চলে না। বিচারকাজ চালানোটাও কষ্টকর হয়ে যাবে।’
মুখে বিষাদ নিয়ে জামাল উদ্দিন বলেন, ‘মেয়েকে হারানোর পর এখন আর কীসের ঈদ। কারও মনে আনন্দ নাই। যার বুক খালি হয় সে বুঝে এর কষ্ট। মেয়ের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই।’
জামাল উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুদানের সঞ্চয়পত্র থেকে তিন মাস পর পর যে মুনাফা আসবে তাতে পরিবারের খরচ সামলানো সহজ হবে। আমার এক ছেলেও আছে। তার লেখাপড়াও চলবে এতে। এই দুর্দিনে প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে এলেন তাতে উনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।’