নদীবন্দরগুলোতে সতর্কতা সংকেত বাড়ানো হয়েছে। বুধবার (৪ মে) ছিল ১ নম্বর সতর্কতা সংকেত। বৃহস্পতিবার (৫ মে) তা বেড়ে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এর অর্থ হচ্ছে, যেকোনও সময় বন্দর এলাকায় ঘণ্টায় ৬১ কিলোমিটার বা তার চেয়েও বেশি শক্তির কালবৈশাখী বয়ে যেতে পারে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩ মে ) ঈদের দিন সকালে প্রায় সারা দেশের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে। অনেক এলাকায় ঝড়ের কারণে ঈদের জামাত দেরি করে পড়তে হয়েছে। অনেকেই বৃষ্টির জন্য জামাতে যেতে পারেননি। বুধবার রাতেও দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, কুষ্টিয়া, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেতের অর্থ হচ্ছে, বন্দর এলাকা ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগের কালবৈশাখীর ক্ষেত্রেও এই সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থারও সতর্ক নজর রাখারও তাগিদ দেয়।
আর ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতের অর্থ হচ্ছে, বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড়, যার গতিবেগ ঘণ্টায় অনুর্দ্ধ ৬১ কিলোমিটার, বা একটি কালবৈশাখী ঝড়, যার বাতাসের গতিবেগ ৬১ কিলোমিটার বা তারচেয়ে বেশি।