বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে বাংলাদেশ পুলিশ। শনিবার (৭ মে) রাতে মিরপুর ১৪ নম্বর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দফতর এর আয়োজন করে।
পুনর্মিলনীতে পুলিশের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিভিন্ন সংসদ সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক ছাড়াও ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
পুলিশের অতিরিক্ত আইজিপির পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ পুলিশের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করোনা মহামারি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকদিন পর অনেকের মধ্যে দেখা হওয়ায় স্মৃতিবিজড়িত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।