রাজধানীর নিউমাকের্ট থানা এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। বুধবার (১১ মে) এলিফ্যান্ট রোড এলাকার কাটাবন ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. টিটু হোসেন, মো. সাদ্দাম হোসেন ও মো. হাসান।
গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, ‘মাদক ব্যবসায়ীরা নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকার কাটাবন ঢালে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ টিটু, সাদ্দাম ও হাসানকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেছে তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে নিউ মাকের্ট থানায় মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।