ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে যেসব সেবা পাওয়া যাবে

‘ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ প্রতিপাদ্যে দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ’র কার্যক্রম চলবে। ‘১৬১২২’ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার।

বৃহস্পতিবার (১২ মে) পাঠানো ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি সেবা সপ্তাহে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে, স্থানীয় সম্মেলন কক্ষে কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হবে। সেবাবুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা দেওয়া হবে, বিভিন্ন ভূমি সেবা বিষয়ে অবহিত করা হবে এবং পরামর্শ সেবা দেওয়া হবে।

জেলা পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে- অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপিপ্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ইত্যাদি।

উপজেলা পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে- ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা গ্রহণ, নামজারি/জমাভাগ/খারিজ করতে মোট খরচ ১১৭০/- (এক হাজার একশত সত্তর) টাকা লিখিত সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা গ্রহণ, প্রদত্ত সেবাগুলোর ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ, এবং ডিসিআর ও খতিয়ান প্রদান ইত্যাদি সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।

ইউনিয়ন পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সেগুলো হচ্ছে- ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সম্পর্কে ব্যাপক প্রচার এবং ভূমি সেবা সংক্রান্ত বুকলেট ও লিফলেট বিতরণ ইত্যাদি।

বিভাগীয় পর্যায়ে সংবাদ সম্মেলন আয়োজন করে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে স্থানীয়ভাবে আয়োজিত কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে। বিভাগীয় কমিশনার দপ্তর থেকে পুরো বিভাগে সুষ্ঠুভাবে ভূমি সেবা সপ্তাহ পালনের ব্যাপারটি তদারকি করা হবে বলেও জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।