বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেছেন, ‘বাঙ্গালিত্বের পরিচয় নয়, ধর্মীয় পরিচয় আজ ব্যক্তিজীবনে, সমাজজীবনে, রাজনৈতিকজীবনে, রাষ্ট্রজীবনে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সংকটটি এখানেই। এ সংকট থেকে উত্তরণে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে অধিকতর শানিত করতে হবে। নতুবা বিপর্যয় অনিবার্য। এ বিপর্যয়ের জন্যে আমরা মুক্তিযুদ্ধ করিনি।'
শনিবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পরও জিয়া ও এরশাদের প্রেতাত্মা থেকে গোটা দেশ ও জাতি আজও মুক্ত হতে পারেনি উল্লেখ করে রাণা দাশগুপ্ত বলেন, 'বিগত ১৩ বছরে দেশের উন্নতি হয়েছে এটি ঠিক তবে জনগণের মানস গঠন অনেক দূর পিছিয়ে গেছে। অস্বীকারের উপায় নেই— বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না।'
তিনি বলেন, এ সংগঠনটি প্রতিষ্ঠার জন্যে আমরা বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় মুক্তিযুদ্ধ করিনি। রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিস্থিতি এ সংগঠন গঠনে আমাদের বাধ্য করেছে। এটি আপামর বাঙ্গালি জাতির জন্যে লজ্জার।'
প্রধান আলোচকের বক্তব্যে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, 'তাজউদ্দীনসহ মুক্তিযুদ্ধকালীন সরকার উপেক্ষার শিকার হয়েছিল। বঙ্গবন্ধুও উপেক্ষার শিকার হয়েছিলেন৷ মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের কষ্টের কথা পাঠ্যপুস্তকে আসে না, চুকনগর গণহত্যার কথা পাঠ্যপুস্তকে আসে না। পাঠ্যপুস্তকে হেফাজত দখল নিয়েছে৷ বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের হত্যাকাণ্ড। পাকিস্তানিরা মুক্তিযুদ্ধে পারেনি, কিন্তু পরে পাকিস্তানপন্থীরা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের মাহাত্ম্যে ফেরত চাই।'
প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, 'পঞ্চাশ বছরে আমরা অন্তত একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু তা থেকে এখনো কত দূরে আমরা।'
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও প্রমুখ।