রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে দ্বিতীয় তলার কার্নিশে পড়ে সুব্রত সাহা (৫২) নামে এক প্রকৌশলী মারা গেছেন বলে দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ। তবে তিনি কিভাবে সেখান থেকে পড়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।
বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রমনা থানা পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের দ্বিতীয় তলা থেকে প্রকৌশলী সুব্রত সাহা নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কিভাবে মারা গেলেন তা এখনও নিশ্চিত না।
প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আলামত সংগ্রহ করছে। হোটেলের ছাদ থেকে দ্বিতীয় তলার কার্নিশে পড়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হোটেল কর্তৃপক্ষ। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, নাকি হত্যা তা জানতে পুলিশ কাজ করছে।
ওসি বলেন, তাকে কেউ ফেলে দিয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে জানা যাবে। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে পরে জানানো যাবে।