ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব গ্রহণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (২৫ মে) বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন মো. সাজ্জাদ হোসাইন। মহাপরিচালক হিসেবে নির্ধারিত সময়কাল দায়িত্ব পালন শেষে তিনি সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন।
বেলা পৌনে ২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে এ উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে’র আয়োজন করা হয়। অনুষ্ঠান বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকদ্বয়সহ অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সকল বিভাগের বিভাগীয় উপপরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে যোগ দেন।
বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকদ্বয় ছাড়াও সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান, সহকারী পরিচালক মো. আব্দুল হালিম, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) ওহিদুল ইসলাম, কল্যাণ ট্রাস্টের এমডি লে. কর্নেল (অব.) এসএম জুলিফিকার রহমান এবং পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম বক্তব্য দেন। বক্তারা বিদায়ী মহাপরিচালকের সফল কর্মকালের বিভিন্ন তথ্য তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে তারা নবনিযুক্ত মহাপরিচালককে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে ফায়ার সার্ভিস আরও উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন দায়িত্ব পালনের সময় তাকে সহযোগিতা করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তার বক্তব্যে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন।
মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদারের সঞ্চালনায় বিদায় ও বরণ অনুষ্ঠানটি পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিমর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়।
এরপর দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী মহাপরিচালক সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এরপর তাকে বহনকারী সুসজ্জিত গাড়িটিতে বাঁধা রশি ধরে সকল কর্মকর্তা-কর্মচারী তাকে অধিদফতরের সদর দরজা পর্যন্ত এগিয়ে দেয়।