এসবিএসি’র পরিচালক মোয়াজ্জেম হোসেন কারাগারে

১২ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এসবিএসি) পরিচালক ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের দুদক শাখার কর্মকর্তা মো. জুলফিকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ এপ্রিল ক্যাপ্টেন মোয়াজ্জেম উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেন। আদালত জামিন না দিয়ে তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এর আগে, গত ১৭ জানুয়ারি ১২ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পরিচালক ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেনসহ আট কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

মামলার অপর আসামিরা হলেন– ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট শেখ সরফুদ্দিন, ফার্স্ট অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট রুমন-উল-ইসলাম, এক্সিকিউটিভ অফিসার ইশতিয়াক আহমেদ, ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার তানজির উদ্দিন চৌধুরী, সিনিয়র অফিসার তাসরিমা নাহিদ এবং রাফি-মাহি করপোরেশনের মালিক এ কে এম আসিফ উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, এসবিএসি ব্যাংকের বিজয়নগর (তৎকালীন মতিঝিল) শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশে ক্ষমতার অপব্যবহার করে রাফি মাহি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ঋণ অনুমোদনের আগেই ১২ কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ করেন।