পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ পুলিশের যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তার পেছনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অবদান রয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শনিবার (২৮ মে) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ২০২১ সালের ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ মন্তব্য করেন।
আইজিপি করোনাকালে পুলিশ সদস্যদের চিকিৎসায় সেন্ট্রাল পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসা ব্যবস্থার কথা উল্লেখ করেন। তিনি বলেন, করোনা চিকিৎসায় পুলিশ হাসপাতালে এক মহাকাব্যিক প্রচেষ্টা নেওয়া হয়েছে। হাসপাতালটিকে বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হচ্ছে। ফলে কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা সর্বাধুনিক চিকিৎসা সেবা পাবেন।
সম্প্রতি পুলিশে কনস্টেবল, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, আমরা জব মার্কেট থেকে ‘বেস্ট অব দি বেস্ট’ প্রার্থী নিয়োগ করতে সক্ষম হয়েছি।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিয়ার রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। সভায় সমিতির সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত এবং সিআইডি, চাঁদপুরের ইন্সপেক্টর গিয়াস উদ্দিন খানকে এস এম আহসান মেমোরিয়াল ট্রাস্ট অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ দক্ষতা অর্জনের জন্য ব্রাক্ষণবাড়িয়া ওমেন্স সাপোর্ট সেন্টারের ইন্সপেক্টর কাজী কামরুন্নাহার লাইলীকে প্রফেসর অনামিকা হক লিলি এবং ড. এম. এনামুল হক অ্যাওয়ার্ড দেওয়া হয়।