পাকিস্তানে বসবাসরত বাঙালি মুসলমানদের অবিলম্বে পুনর্বাসন এবং সে দেশের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ (বিবিআরএ)। রবিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টিতে বাঙালি মুসলমানের অবদান বেশি। তারপরও পাকিস্তানে বাংলা ভাষাভাষী বাঙালি মুসলমানরা অবহেলিত ও উপেক্ষিত। আজও সেখানে বাঙালি মুসলমানদের ঘুষ দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করতে হয়। বাঙালি মুসলমানদের দুর্দশা লাঘবে পাকিস্তান সরকার ও জনগণকে এগিয়ে আসতে হবে।
পাকিস্তানি বাঙালিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা আরও বলেন, ২০০৩, ২০০৬ ও ২০০৮ সালে বিহারি ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বিহারিদের বাংলাদেশ সরকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এ জন্য সরকার ও দেশের প্রতি আমরা কৃতজ্ঞ। একইভাবে পাকিস্তান সরকারকে অনুরোধ সেখানে আটকে পড়া বাঙালিদেরও যেন আমাদের মতো সুযোগ-সুবিধা দেওয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদের কেন্দ্রীয় সভাপতি মো. কাওসার পারভেজ ভুলু।