বাংলাদেশ-নেদারল্যান্ডস এগ্রি বিজনেস সম্মেলন অনুষ্ঠিত

কৃষি খাতে সহযোগিতা বাড়াতে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-নেদারল্যান্ডস এগ্রি-বিজনেস কনক্লেভ বা সম্মেলন। বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস, নেদারল্যান্ডসের এগ্রিকালচার, ন্যাচার অ্যান্ড ফুড কোয়ালিটি মিনিস্ট্রি এবং ওয়েজনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ যৌথভাবে সোমবার (৩০ মে) দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানায়, সম্মেলনে কৃষি প্রক্রিয়াজাতকরণ, হর্টিকালচার, ডেইরি, ফিশারিজ ও পোল্ট্রি খাতে উদ্ভাবন ও সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। এসব খাতে ডাচ জ্ঞান-অভিজ্ঞতা, প্রযুক্তি ও ইনোভেশনকে কীভাবে বাংলাদেশে কাজে লাগান যায়, তার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

বৈঠকে কৃষি সচিব সায়েদুল ইসলাম, হেগে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, নেদারল্যান্ডসের কৃষি, প্রকৃতি ও ফুড কোয়ালিটি মন্ত্রণালয়ের উপমহাপরিচালক গুইদো ল্যান্ডহির, নেদারল্যান্ডস ফুড পার্টনারশিপের নির্বাহী পরিচালক মির্টেলে ড্যান্স, ডাচ টপসেক্টর অ্যাগ্রো-ফুডের ডিরেক্টর উইলিমিয়েন ভ্যান অ্যাসেল্ট, ওয়েজনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের অ্যাকাউন্ট ম্যানেজার কল্যাণ চক্রবর্তী ও ডিজিটাল ইনোভেশন পার্টনার জ্যান ক্যারেল ম্যাক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দুদেশের এগ্রিবিজনেসের সঙ্গে জড়িত ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষি সচিব সায়েদুল ইসলাম কৃষিতে বাংলাদেশের অর্জিত সাফল্য ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে কৃষি উৎপাদনে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। এখন খাদ্য নিরাপত্তাকে টেকসই ও কৃষিকে লাভজনক করতে কাজ চলছে। এক্ষেত্রে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা, প্রযুক্তি ও উদ্ভাবনকে আমরা বাংলাদেশে কাজে লাগাতে চাই।’

নেদারল্যান্ডসে বাংলাদেশের কৃষিপণ্য রফতানির বাধা দূর করতে সেদেশের অ্যাগ্রোফুড ব্যবসায়ীরা কাজ করবেন বলে বৈঠকে জানানো হয়। এছাড়া, বীজ উৎপাদন ও পরিবহনে এবং কৃষি প্রক্রিয়াজাতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধি করবে বলেও জানানো হয়।