ডলার বাঁচানোর নতুন কৌশল

সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন)-এর বাইরে হংকং ও সিঙ্গাপুর থেকে নতুন পেমেন্ট সিস্টেমে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি ডলারের মূল্য বৃদ্ধির ফলে ডলার বাঁচাতে সরকার এই নতুন কৌশলের কথা ভাবছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এজন্য দেশ দুটির চালু করা নতুন পেমেন্ট সিস্টেম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৩০ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য  জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ‘মন্ত্রিসভার আজকের বৈঠকে বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে, সুইফট’র বাইরে হংকং এবং সিঙ্গাপুর নতুন কিছু পেমেন্ট সিস্টেম ডেভেলপ করেছে। যেগুলো মাচ মোর কমফোর্টেবল। সেগুলো একটু এক্সপ্লোর করতে বলা হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর বৈঠকে ছিলেন। তিনি এরইমধ্যে এগুলো নিয়ে বসেছেন। উনাকে কয়েক দিন সময় দেওয়া হয়েছে।’