ফল ঘোষণার পর পুনর্নির্বাচনের এখতিয়ার ইসির নেই: আপিল বিভাগ

ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পর পুনর্নির্বাচন দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি) নেই মর্মে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩১ মে) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ইউনিয়নের মেনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ ওঠে। ফলে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

পরে ইসির সেই সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সাদিকুল ইসলাম নামের এক ব্যক্তি।

এরপর গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট তার আদেশে বলেন, ফল ঘোষণার পর নতুন করে নির্বাচন করার এখতিয়ার নেই কমিশনের, যেতে হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে।

সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলেও হাইকোর্টের আদেশ বহাল রাখলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।