রাজধানীর রমনায় পুলিশ কর্মকর্তার বাসায় মারা যাওয়া গৃহকর্মী মৌসুমির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. শামিমা আফরোজ।
মর্গ সূত্রে জানা গেছে, প্যাথলোজিক্যাল পরীক্ষার জন্য নিহতের নেক টিস্যু ও ডিএনএ প্রোফাইলিংয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে, এতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রিফাত নূরের উপস্থিতিতে মৌসুমির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রমনা থানার উপ-পরিদর্শক এসআই আমেনা খানম।
এসআই আমেনা খানম বলেন, মৌসুমি অজ্ঞাত কোনও কারণে আত্মহত্যা করেছে, তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
উল্লেখ্য, বুধবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজনীতির রমনা অফিসার্স কোয়ার্টারের ‘শিমুল ভবনের’ ১৩ তলার ১৪/এ নম্বর বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌসুমির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।