সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ‘চোর বলে অ্যাখ্যায়িত করে’ মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষারকে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ জুন) নোটিশদাতাদের পক্ষে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এইচএম দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক এ কে এম মাসুম বিল্লাহ’র পক্ষে ওই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, একটি ইংরেজি পত্রিকায় প্রকাশিত ‘বাংলাদেশ ব্যাংক জিএম, ডিজিএম’স ডেজিগনেশন চেঞ্জড’ শিরোনামে রিপোর্টের লিংক শেয়ার করে ক্যাপশনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ‘চোর’ বলে অ্যাখ্যায়িত করেন আব্দুন নূর তুষার। এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মানহানি করা হয়েছে।
তাই ওই ফেসবুক পোস্ট রিমুভ করে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।