ফাল্গুনী দাস তন্বীকে মারধর, ছাত্রলীগের ৫ জনের বিচার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ওই সংগঠনেরই পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মঙ্গলবার (৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর এ আদেশ দেন।

এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। অপরদিকে, বাদিপক্ষে অভিযোগ গঠনের শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। এদিন পাঁচ আসামি আদালতে হাজির ছিলেন।

আসামিরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. এনামুল হক ও ঢাবির জাতির পিতা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক শেখ তানসেন।

গত ২০২১ সালের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ ফাল্গুনী দাস বাদী হয়ে আদালতে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত সংস্থা পিবিআই পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।