আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. রায়হান আলীকে (১৯) গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। নীলফামারীর জলঢাকা থানাধীন খুটামারা মৌলভীবাজার এলাকা থেকে বৃহস্পতিবার (৯ জুন) তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।

শুক্রবার (১০ জুন) অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত রায়হান আলী আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য এবং সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করে আসছিল সে। ফেসবুক আইডি মেসেঞ্জারসহ বিভিন্ন অ্যানক্রিপটেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনগণের মধ্যে সন্ত্রাস-ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে জলঢাকা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।