‘দ্রুত বিক্ষোভ শেষ করতে’ বলার জের

মুসল্লিদের হামলার শিকার মোহাম্মদপুর থানার ওসি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুসল্লিদের হামলার শিকার হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বর্তমানে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। এ ঘটনায় ওসি ছাড়াও মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ শুরু করলে তা দ্রুত শেষ করার তাগাদা দেওয়ায় হামলার শিকার হন তারা। আহত অবস্থায় ওসি আবুল কালাম আজাদকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত পাওয়ায় তাকে পরবর্তী সময়ে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, ‘আহতরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।’

হামলার বিষয়টি মোহাম্মদপুর থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের থানার নতুন ওসি আবুল কালাম আজাদ ঢাকা উদ্যানে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার হয়েছেন। তিনি মাথায় ও বুকে আঘাত পেয়েছেন।’ তিনি নিজেসহ ঊর্ধ্বতনরা তাকে দেখতে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মোহাম্মদপুর থানার ওসি মুসল্লিদের পাঁচ মিনিট সময় বেঁধে দেন। পাঁচ মিনিট শেষ হওয়ার পর ওসি মুসল্লিদের পুনরায় বিক্ষোভ শেষ করার অনুরোধ করেন। এ সময় মুসল্লিরা পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় মোহাম্মদ ওসি আবুল কালাম আজাদ, পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন এবং এসআই জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

ডিএমপি তেজগাঁও বিভাগের সহ-কমিশনার (এসি-পেট্রোল) মাসুদুল আলম বলেন, ‘আহত পুলিশ কর্মকর্তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত।’