মিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

রাজধানীর মিরপুরে তুচ্ছ ঘটনাকে নিয়ে কথা কাটাকাটির জেরে তিন তরুণকে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগে অপর তিন তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। বিভিন্ন তথ্যের ভিত্তিতে বুধবার ৮ জুন থেকে বৃহস্পতিবার ৯ জুন রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকা এবং মুন্সীগঞ্জের লৌহগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, মো. আসিফুর রহমান সিফাত (২০), মো. ফয়সাল (২০) এবং মো. নাইফুল ইসলাম ওরফে নাইম (১৮)।

শনিবার (১১ জুন) দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, আসামি ফয়সাল মিরপুর কলেজের প্রথম বর্ষে ছাত্র। তার সঙ্গে মূলত মামলার ঘটনার সূত্রপাত। কলেজে আসা-যাওয়ার সময় তার সঙ্গে থাকা এক বান্ধবীকে নিয়ে গত ৪ জুন ভুক্তভোগী তিন তরুণের কথা কাটাকাটি হয়।

পরেরদিন ৫ জুন ভুক্তভোগী তিন তরুণ জিহাদুল ইসলাম (২০), মো. শান্ত (১৯) এবং মো. সুমন (২০) মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ নম্বর লাভ রোডের চম্পা পারুল স্কুলের সামনে রাস্তার পাশে কথা বলছিল। এসময় ফয়সাল তার আরও কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তাদের উপড় আক্রমণ করে। 

এসময় সিফাত জিহাদুল ইসলাম এবং ফয়সাল শান্তকে ছুরি দিয়ে আঘাত করে। আর অপর ভুক্তভোগী সুমনকে আসামিরা অন্ডকোষে আঘাত করে।

এসময় আশপাশের লোকজন চলে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে আহত ভুক্তভোগীদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই তিন তরুণ ঢামেকেই চিকিৎসাধীন। 

আসামিদের মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি মোজাম্মেল হক।