সারাদেশের প্রায় ২ লাখ ছিন্নমূল শিশুকে জন্মনিবন্ধন সনদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (১২ জুন) ‘স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে ব্যারিস্টার তাপস কান্তি বল এ রিট দায়ের করেন।
রিটের তথ্য নিশ্চিত করে তিনি বলেন, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিট আবেদনে নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, জন্ম নিবন্ধন অধিদফতর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে এ সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, সারাদেশে প্রায় ২ লাখের বেশি ছিন্নমূল শিশু রয়েছে। এসব শিশুদের জন্মনিবন্ধন সনদ নেই। সনদ না থাকায় ছিন্নমূল শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। একই কারণে অনেক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়ে আসছে তারা।