বাংলাদেশে সৌদি বিনিয়োগের সংবাদ প্রচারে আরব নিউজকে রাষ্ট্রদূতের অনুরোধ

সৌদি আরবের বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ অত্যন্ত আগ্রহী। সৌদি বিনিয়োগকারীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে আরব নিউজকে জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। মঙ্গলবার (১৪ জুন) সৌদি আরবের জনপ্রিয় ইংরেজি পত্রিকা আরব নিউজের কার্যালয়ে এর প্রধান সম্পাদক ফয়সাল জে আব্বাসের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশেষ ইকোনমিক জোন করার পরিকল্পনা নিয়েছে। সেখানে সৌদি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে বর্ণনা করে এ সম্পর্কে আরব নিউজে প্রচারের অনুরোধ জানান রাষ্ট্রদূত।

তিনি আলোচনাকালে বাংলাদেশের গার্মেন্টস, কৃষি, মৎস্য খাতের সাফল্য তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের ঔষধ পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি হচ্ছে বলেও জানান।

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন সাফল্য আরব নিউজে প্রচারের অনুরোধ জানালে পত্রিকাটির প্রধান সম্পাদক আন্তরিকভাবে একে স্বাগত জানান।

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পদ্মা সেতু নির্মাণকে বাংলাদেশের বর্তমান সরকারে জন্য একটি বড় সাফল্য বলে আরব নিউজকে অবহিত করেন।

বৈঠক শেষে সম্পাদক ফয়সাল জে আব্বাস রাষ্ট্রদূতকে আরব নিউজের কার্যালয় ঘুরে দেখান। এ সময় আরব নিউজের এসিস্ট্যান্ট এডিটর ইন চিফ নুরনুগালি ও রিসার্চ বিষয়ের প্রধান  হামদান উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হুমায়ূন কবির ও প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম (প্রেস) বৈঠকে উপস্থিত ছিলেন।