বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার (১৮ জুন) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতায় ১৫০ জন বিজয়ীর মধ্যে প্রথম স্থান অধিকারী ৩০ জনসহ মোট ৫০ বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খায়রুল আমীন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন্নাহার, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহিদী।
প্রধান অতিথির বক্তৃতায় মিথ্যার বিরুদ্ধে সাইবার যুদ্ধে সন্তানদের উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, অস্ত্র নিয়ে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু এখনও অনেকেই দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। অনলাইনে তাদের মিথ্যাচার রুখতে শিশু-কিশোরদের সাইবার যুদ্ধ শিখতে হবে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয় ১৭টি ল্যাপটপ, ট্যাব, স্মার্টওয়াচ ও ব্লুটুথ স্পিকার।
গত ২৫ জানুয়ারি আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এটুআই প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তিনটি গ্রুপে যথাক্রমে ক গ্রুপ (৮-১২ বছর), খ গ্রুপ (১৩-১৮ বছর) এবং গ গ্রুপে (১৯-তদুর্ধ) অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন সর্বমোট ১ লাখ ২৫ হাজার ৪৫০ জন।