‌‌‘তুই সাংবাদিক’, বলেই হামলা

রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অতর্কিত হামলার শিকার হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন বিটের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামান হেলালা। শনিবার (১৮ জুন) দুপর আড়াইটার দিকে চার থেকে পাঁচজন তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় তার ফেটে যাওয়া ঠোঁটে ১০টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া বুক, মাথা, হাঁটু ও পিঠে আঘাত করেছে হামলাকারীরা। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত সাংবাদিক।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিরাজুজ্জামান বলেন, তেজগাঁও সাত রাস্তা হয়ে মোটরসাইকেলে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অজ্ঞাত চার থেকে পাঁচ জন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে। তারা আমাকে বলে, ‘তুই সাংবাদিক, লাইভ করোস।’ এ কথা বলার পরেই অতর্কিতভাবে তারা আমাকে ট্রাকের পাশে নিয়ে গিয়ে লাঠিসোঠা দিয়ে মারতে থাকে। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে।

তিনি বলেন, ‘এসময় আমার কাছে থাকা নগদ সাড়ে ৩ হাজার টাকা ও তথ্য অধিদফতর থেকে দেওয়া অ্যাক্রেডিটেশন কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।’

পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং সেখানে তার ঠোঁটে ১০টি সেলাই দেওয়া হয়।

জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় সশরীরে এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।