সিলেট-সুনামগঞ্জ-হবিগঞ্জকে ‘বন্যাদুর্গত অঞ্চল’ ঘোষণার দাবি

সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাকে ‘বন্যাদুর্গত অঞ্চল’ ঘোষণার দাবি জানিয়েছে জালালাবাদ সংস্কৃতি ফোরাম। সোমবার (২০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক জয়ন্ত কুমার দেব মাধব বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক জমির ফসল, ব্যবসায়ীরা মূলধন হারাচ্ছেন। খামারিরা সর্বস্বান্ত এবং সাধারণ মানুষ খাবার ও নিত্যপণ্যের অভাবে কষ্ট পাচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।’

ওই অঞ্চলে এত ভয়াবহ বন্যা আগে কেউ দেখেনি উল্লেখ করে বক্তারা বলেন, ‘সেখানে জনজীবন থমকে গেছে। দুর্বিষহ দিন কাটছে নিম্নাঞ্চলের মানুষের। নারী ও শিশুরা সবচেয়ে দুর্ভোগে পড়েছে। বানভাসিদের সহযোগিতায় এই জেলাকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণা করা উচিত।’

মানববন্ধনে বক্তব্য রাখেন জালালাবাদ সংস্কৃতি ফোরামের সদস্য সচিব ইমন খাঁন, মেনন চৌধুরী, কামরুল হাসান তরফদার, আওয়াল বারী, নাজমুল ইসলাম নাজ, মাহবুব আলম মালু প্রমুখ।