বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হাওর-বাঁওর, নদী-খাল, জলাশয়-জলাভূমি প্রভৃতি প্রাকৃতিক জলধারণ এলাকা সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সোমবার (২০ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় তারা।
আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের বন্যায় বাংলাদেশসহ ভারতের আসাম, মেঘালয়, চেরাপুঞ্জির অস্বাভাবিক বৃষ্টিপাতের বড় দায় রয়েছে, এটা অনস্বীকার্য। প্রবল বৃষ্টিপাতে ও উজানের পাহাড়ি ঢলের কারণে আমাদের দেশে উত্তরাঞ্চলে প্রায়ই বন্যা দেখা দিলেও এবারের বন্যার অস্বাভাবিক ব্যাপকতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এর পেছনে ভূমি ব্যবহার পরিবর্তনের মাধ্যমে আমাদের প্রাকৃতিক হাওর-বাওড়, নদ-নদী এলাকাসহ বিভিন্ন জলাশয়-জলাভূমির পানিধারণ ক্ষমতা ক্ষমতা হ্রাস ও স্বাভাবিক পানি প্রবাহের গতি-প্রকৃতি পরিবর্তনের দায়কে অস্বীকার করা যাবে না।
বন্যা উপদ্রুত এলাকায় বানভাসীদের সহযোগিতায় সরকারে তরফ থেকে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে,তা বিপন্ন মানুষের প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেও জানায় আইপিডি।